একুশের প্রথম প্রহরে বরিশালে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৫৩ পিএম
একুশের প্রথম প্রহরে বরিশালে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

সারাদেশের মতো অমর একুশে ফেব্রুয়ারি ‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে’ ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশালের সর্বস্তরের মানুষ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন বরিশালের বিভাগীয় কমিশনার, বরিশাল রেঞ্জের ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বরিশালের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, জেলা ও মহানগর বিএনপি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর কমান্ড, বরিশাল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বরিশাল সাংবাদিক ফোরামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা।

একইদিন রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কাজী গোলাম মাহবুবের জন্মভূমি গৌরনদীর কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে প্রথম ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ, গৌরনদী পৌরসভা, গৌরনদী মডেল থানা, গৌরনদী হাইওয়ে থানা, মুক্তিযোদ্ধা সংসদ, গৌরনদী প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা শহীদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কাজী গোলাম মাহবুবের সমাধীতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে