সাতক্ষীরায় সরকারি জমি দখল করে ভবন নির্মাণ

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:৪০ পিএম
সাতক্ষীরায় সরকারি জমি দখল করে ভবন নির্মাণ

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে সরকারি ‘পেরিফেরি’ভুক্ত জমি দখল করে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় ভূমি অফিস থেকে কাজ বন্ধের নোটিশ দেওয়া হলেও তা আমলে নিচ্ছেন না অভিযুক্ত ব্যক্তি। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝাউডাঙ্গা বাজারের ওয়ারিয়া মৌজার ১ নম্বর খতিয়ানের ১৫৯৮ নম্বর দাগের জমিটি সরকারি পেরিফেরিভুক্ত। নিয়ম অনুযায়ী সরকারি এ সম্পত্তিতে কোনো ধরনের স্থায়ী বা পাকা স্থাপনা নির্মাণের সুযোগ নেই। তবে সব নিয়ম-নীতি উপেক্ষা করে বলাডাঙ্গা এলাকার মৃত মোসলেম আলীর ছেলে শহিদুল বাহার সেখানে পাকা ভবন নির্মাণ শুরু করেছেন। 

স্থানীয়দের অভিযোগ

সাবেক এক জনপ্রতিনিধির প্রভাব খাটিয়ে তিনি এই কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ স্থানীয় বাসিন্দা শিরিনা সুলতানা বলেন, “সরকারি জায়গায় অবৈধভাবে তিনতলা ভবন নির্মাণ করা হচ্ছে। আমরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি। ভূমি কর্মকর্তা বারবার ব্যবস্থা নেওয়ার কথা বললেও বাস্তবে কোনো পদক্ষেপ নেই। চোখের সামনে আইনের তোয়াক্কা না করেই নির্মাণকাজ চলছে।” স্থানীয়রা জানান, বাজারের ব্যবসায়িক পরিবেশ রক্ষায় এই অবৈধ দখল উচ্ছেদ করা জরুরি। বারবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না মেলায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

প্রশাসনের বক্তব্য

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদরুদ্দোজা বলেন, “আমরা সরেজমিনে জায়গাটি পরিদর্শন করেছি এবং নির্মাণকাজ বন্ধ রাখতে অভিযুক্ত পক্ষকে নোটিশ দিয়েছি। কিন্তু তারা নির্দেশনা অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছে। সরকারি জমি উদ্ধারে আমরা দ্রুতই কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব।” অন্যদিকে অভিযুক্ত শহিদুল বাহারের দাবি, তিনি বিধি মেনেই স্থাপনা নির্মাণ করছেন। তবে সরকারি জমিতে পাকা ভবন নির্মাণের বৈধ কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি।

আপনার জেলার সংবাদ পড়তে