পটুয়াখালীর মির্জাগঞ্জে অগ্নিকাণ্ডে ২টি বসতঘর ভস্মীভূত

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) :
| আপডেট: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:২৭ পিএম | প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:২৭ পিএম
পটুয়াখালীর মির্জাগঞ্জে অগ্নিকাণ্ডে ২টি বসতঘর ভস্মীভূত

পটুয়াখালীর মির্জাগঞ্জের শ্রীনগর গ্রামে এক অগ্নিকান্ডে দুইটি বসত ঘরসহ মালামাল আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত এবং এ অগ্নিকাণ্ডে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। আজ মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার মাধবখালী ইউনিয়নের নতুন শ্রীনগর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নতুন শ্রীনগর গ্রামের দুই ভাই মোঃ গফফার আকন ও মোঃ  খলিল আকনের বসত ঘরে অগ্নিকাণ্ডের সময়ে কাজের জন্য বাহিরে ছিলেন। পরিবারের লোকজন সকাল সাড়ে এগারোটার দিকে ঘরের দোতালায় আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়, মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন কিন্তু ততক্ষণে  আগুন ছড়িয়ে পড়ে মালামালসহ বসত ঘরের সবকিছু ভস্মীভূত হয়ে যায়। মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মোঃ ইব্রাহিম জানান, উপজেলার নতুন শ্রীনগর এলাকায় টিনশেড বসত ঘরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এতে ঘরের ভেতরে মালামালসহ প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি আরো বলেন, ঘরের ভিতরে দুটি গ্যাসের সিলিন্ডারের মধ্যে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় ক্ষতি বেশি হয়েছে। এছাড়াও একই দিন মির্জাগঞ্জ  উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের ভিকাখালী গ্রামে একই সাথে পাঁচটি খড়ের গাধা আগুনে পুড়ে ভস্মীভূত হওয়ার খবর পাওয়া গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে