ইন্দুরকানীতে নিম্নমানের পানির ট্যাংক বিতরণের অভিযোগ

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৩০ পিএম
ইন্দুরকানীতে নিম্নমানের পানির ট্যাংক বিতরণের অভিযোগ

ইন্দুরকানী উপজেলায় সরকারি অনুমোদিত পানির ট্যাংক বিতরণে নিম্নমানের ট্যাংক সরবরাহের অভিযোগ উঠেছে। সোমবার স্থানীয় সুবিধাভোগীরা উপজেলা প্রকৌশলী অধিদপ্তরে লিখিতভাবে অভিযোগ জমা দেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পানির ট্যাংকের চাহিদা থাকা সত্ত্বেও মানসম্মত ট্যাংক না পাওয়ায় তাদের ভোগান্তি বেড়েছে।  সুবিধাভোগী মোঃ জামাল জানান, তার নামে অনুমোদিত ট্যাংক গঊ-অঊ-জই (ঔঠ) ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণ করেছে। তিনি অভিযোগ করেন, “উক্ত ট্যাংক অন্যান্য কোম্পানির তুলনায় পাতলা, মান কম এবং নামমাত্র মূল্যের। তাই আমি এটি গ্রহণ করতে আগ্রহী নই।” তিনি প্রশাসনের কাছে আবেদন করেছেন, তার অনুমোদিত ট্যাংকটি অন্য মানসম্মত কোম্পানির তৈরি ট্যাংকে পরিবর্তনের জন্য ব্যবস্থা নেওয়া হোক। অভিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের সুপারভাইজার ছগির হোসেনের মুঠোফোনে কল দিলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। ইন্দুরকানী উপজেলা উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল শিমুল বড়াল বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমাদের এই ঠিকাদারের পাঠানো সব মাল রিজেক্ট করা হয়েছে। তাই কেউ এটি গ্রহণ করবে না। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত।” তিনি আরও জানান, স্থানীয়দের নিরাপদ ও মানসম্মত পানির জন্য প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।

আপনার জেলার সংবাদ পড়তে