বরিশালে চাঁদা না দেওয়ায় সাংবাদিককে মারধর

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৪৩ এএম
বরিশালে চাঁদা না দেওয়ায় সাংবাদিককে মারধর

দৈনিক ভোরের আকাশ এর বরিশাল প্রতিনিধি মাসুদ রানার উপর হামলার ঘটনা ঘটেছে। ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া সাধুর বটতলায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘বিসমিল্লাহ ইলেকট্রনিক্স’ এ হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা দোকান ভাঙচুর করে ল্যাপটপ ও নগদ অর্থ লুট করে নিয়েছে। হামলায় সাংবাদিক মাসুদ রানা ও তার ভাই মামুন আহত হয়েছেন। ভুক্তভোগী মাসুদ রানা অভিযোগ করে বলেন, ইতিপূর্বে তার ব্যবসা প্রতিষ্ঠানে পিকনিকের জন্য চাঁদা চেয়েছিল মিরাজ, জুয়েল, অহিদুলসহ কয়েকজন স্থানীয় যুবক। তারা নিজেদেরকে বিএনপির নেতাকর্মী পরিচয় দিয়ে এসব চাঁদা দাবি করে। তখন চাঁদা না দেওয়ায় সেই ক্ষোভের কারণে তারা এ হামলা চালিয়েছে। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, হঠাৎ করে বেশ কয়েকজন যুবক দোকানে ঢ়ুকে মারধর ও ভাঙচুর করছে। দোকানের পাশে থাকা পত্রিকা অফিসও ভাঙচুর করা হয়েছে। অভিযুক্ত মিরাজ ও জুয়েল বলেন, একজন শ্রমিক কিস্তিতে মোবাইল ক্রয় করে কিস্তি পরিশোধের পরেও তার মোবাইল লক করা হয়। এ বিষয়ে জানতে গিয়ে বাগবিতন্ডার ঘটনা ঘটে। এ সময় আমাদের সাথে থাকা কয়েজন ছোটভাই ভাঙচুর করেছে। আমাদেরকে ভাঙ্গা গ্লাসটি লাগিয়ে দিতে বলেছে স্থানীয় মুরব্বিরা। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে