আজ ২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৩৩ পিএম
আজ ২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন দুই ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত স্টেশনটিতে কোনো ট্রেন থামবে না এবং যাত্রী ওঠানামাও বন্ধ থাকবে।

একই দিন দুপুর ২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন। তার আগমন ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবেই ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, ডিএমটিসিএল।

ডিএমটিসিএল গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানায়, “অনিবার্য কারণবশত ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দুপুর ১:৩০ ঘটিকা থেকে বিকাল ৩:৩০ ঘটিকা পর্যন্ত শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনে মেট্রো ট্রেন থামবে না।” সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখও প্রকাশ করেছে।

এর আগে ২৪ ফেব্রুয়ারি বাংলা একাডেমির পক্ষ থেকে ডিএমটিসিএলকে দেওয়া এক চিঠিতে উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ জানানো হয়। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে বলে জানা গেছে।

নির্ধারিত দুই ঘণ্টায় কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা বের হতে পারবেন না। তবে মেট্রোরেলের অন্যান্য স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এবারের বইমেলায় অংশ নিচ্ছে ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৪৬৮টি প্রতিষ্ঠান স্টল পেয়েছে। মোট ইউনিট সংখ্যা ১,০১৮টি। সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চসংলগ্ন গাছতলায় থাকছে লিটল ম্যাগাজিন চত্বর, সেখানে ৮৭টি লিটল ম্যাগাজিন স্টল বরাদ্দ পেয়েছে। শিশুচত্বরে রয়েছে ৬৩টি প্রতিষ্ঠান ও ১০৭টি ইউনিট।

আপনার জেলার সংবাদ পড়তে