বরিশালে গৃহকর্মী শিশু নির্যাতনের অভিযোগ, প্রবাসীর স্ত্রী গ্রেপ্তার

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:০২ পিএম
বরিশালে গৃহকর্মী শিশু নির্যাতনের অভিযোগ, প্রবাসীর স্ত্রী গ্রেপ্তার

বরিশালের মেহেন্দীগঞ্জে গৃহকর্মী শিশু নির্যাতনের অভিযোগে এক প্রবাসীর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় মেহেন্দীগঞ্জ পৌরসভার চরহোগলা এলাকার একটি বাসা থেকে ফাইজা আক্তার নামের প্রবাসীর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। ফাইজা আক্তার চরহোগলা এলাকার জহির তালুকদারের স্ত্রী। তার বিরুদ্ধে গরম পানি দিয়ে লামিয়া (১৪) নামের এক গৃহকর্মীর হাত ঝলসে দেওয়ার অভিযোগ রয়েছে। ওই ঘটনায় গৃহকর্মীর মামা সিরাজুল ইসলাম বাদী হয়ে ফাইজার আক্তারের বিরুদ্ধে মামলা করেছেন। মেহেন্দীগঞ্জের থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  শিশুটির মামা সিরাজুল ইসলাম জানান, তার ভাগ্নি লামিয়া প্রায় ৬ বছর ধরে প্রবাসী জহির তালুকদারের বাসায় কাজ করছে। জহির তালুকদারের স্ত্রী ফাইজা বিভিন্ন সময়ে লামিয়াকে শারিরীক ও মানসিক নির্যাতন করতেনন। গত বৃহস্পতিবার রাতে লামিয়া ভুল করলে ফাইজা আক্তার ক্ষিপ্ত হয়ে লামিয়ার হাতে গরম পানি ঢেলে দেন। এতে লামিয়ার হাতের প্রায় ৯০ শতাংশ ঝলসে যায়। কিন্তু প্রবাসীর স্ত্রী তাকে চিকিৎসা করতে না দিয়ে বাসায় আটকে রাখেন।  গত শুক্রবার সকালে লামিয়া কৌশলে পালিয়ে তার মামা সিরাজুল ইসলামের কাছে গেলে তিনি তাকে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং মেহেন্দীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্রে শুক্রবার সন্ধ্যায় মেহেন্দীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশারেফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার চরহোগলা স্বর্ণা বেকারি সংলগ্ন বাসা থেকে ফাইজা আক্তারকে গ্রেপ্তার করেন। এব্যাপারে মেহেন্দীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মতিউর রহমান বলেন, গৃহকর্মী শিশু নির্যাতনের অভিযোগে প্রবাসীর স্ত্রী ফাইজা আক্তারের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলার পর পরই ফাইজাকে  গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে