বরিশালে আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি স্থগিত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১ মার্চ, ২০২৬, ১১:৪৬ এএম
বরিশালে আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি স্থগিত

টানা তিনদিন আদালত বর্জনের পর কর্মসূচি স্থগিতের ঘোষণা করেছেন বরিশালের বিএনপিপন্থী আইনজীবীরা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তারা এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ফলে রবিবার (পহেলা মার্চ) থেকে আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দরাও এ সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এতে কয়েকদিন ধরে স্থবির হয়ে থাকা বিচারিক কার্যক্রম পুনরায় সচল হওয়ার পথ তৈরি হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসের জামিন মঞ্জুর করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ওই আদেশকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে উত্তেজনা সৃষ্টি হয়। বিচারকের উপস্থিতিতেই এজলাসে বিশৃঙ্খলা, ভাঙচুর ও বিচারকার্যে বাঁধা দেওয়ার অভিযোগ ওঠে কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে। এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়। মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দাকে আসামি করা হয়েছে। সমিতির সভাপতি এসএম সাদিকুর রহমান লিংকনকে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন। এ ঘটনার পর জামিনাদেশ বাতিল, সংশ্লিষ্ট বিচারকের অপসারণ এবং আটক সভাপতির মুক্তির দাবিতে বিএনপিপন্থী আইনজীবীরা আদালত বর্জনের কর্মসূচি শুরু করেন। টানা তিন দিন তারা আদালতের কার্যক্রমে অংশগ্রহণ করেননি। যদিও সাধারণ আইনজীবীদের অনেকে প্রকাশ্যে কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেননি, তবুও কার্যত আদালতের বিচারিক কার্যক্রমে অংশগ্রহণ না করায় বিচারকাজ প্রায় বন্ধ হয়ে পড়ে। এতে শত শত বিচারপ্রার্থী চরম ভোগান্তিতে পড়েন। বরিশাল জেলা আইনজীবী সমিতির সম্পাদক মির্জা মো. রিয়াজ হোসেন বলেন, সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীদের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। যেকারণে আদালতের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতেই কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশাল ইউনিটও এ সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে