দুঃসংবাদ পেল বরিশালের সেই যুবদল নেতা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১ মার্চ, ২০২৬, ১১:৪৯ এএম
দুঃসংবাদ পেল বরিশালের সেই যুবদল নেতা

বরিশালের বানারীপাড়া উপজেলায় সরকারি ব্রিজের মালামাল চুরির দায়ে গ্রেপ্তার হওয়া সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সানি মোল্লাকে বহিস্কার করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) তার এ বহিস্কারের চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ওই বহিস্কারপত্র সূত্রে জানা গেছে, বরিশাল জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে বানারীপাড়া উপজেলা যুবদলের সভাপতি ছাব্বির আহম্মেদ সুমন হাওলাদার ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফকির স্বাক্ষরিত একপত্রে সানি মোল্লাকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিস্কার করা হয়। একইপত্রে বহিস্কৃত যুবদল নেতা সানি মোল্লার কোন অপকর্মের দায়ভার দল নেবে না এবং নেতাকর্মীদের তার সাথে কোন সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের গাভা গ্রাম থেকে সরকারি ব্রিজের মালামাল চুরির দায়ে সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিহাদ আকন ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সানি মোল্লাকে গত ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাত তিনটার দিকে বানারীপাড়া ফেরীঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ব্রিজের মালামাল ও ট্রলারসহ গ্রেপ্তার করে থানা পুলিশ। ২৬ ফেব্রুয়ারি বানারীপাড়া থানায় এ সংক্রান্ত দায়েরকৃত মামলার আসামি হিসেবে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে