বাউফলে ইমাম-খতিব সমাবেশ

এফএনএস (হারুন অর রশিদ; বাউফল, পটুয়াখালী) : | প্রকাশ: ২ মার্চ, ২০২৬, ০৮:০৮ পিএম
বাউফলে ইমাম-খতিব সমাবেশ

পটুয়াখালীর বাউফলে ইমাম খতিব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (পটুয়াখালী-২) বাউফল আসনের সাংসদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। আজ সোমবার (২ মার্চ) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইমাম, খতিব, মুয়াজ্জিন ও মাদ্রাসার অধ্যক্ষ-সুপারদের সমাবেশে  প্রধান অতিথির বক্তব্যে  ড. মাসুদ তার নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জানান, ৬০ দিনের মধ্যে মাদক নির্মূল এবং ৯০ দিনের মধ্যে দুর্নীতি দমনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সভা সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, “সমাজের রন্ধ্রে রন্ধ্রে চাঁদাবাজি, মাদক ও দুর্নীতি ঢ়ুকে পড়েছে। এগুলো নির্মূল করতে সময় লাগবে। একজন মালী যেমন তার বাগান পরিচর্যায় সদা সতর্ক থাকেন, তেমনি বাউফলবাসীকেও ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।” তিনি আরও বলেন, ইমাম-খতিবগণ মসজিদের খুতবা ও আলোচনার মাধ্যমে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করতে পারেন। মাদক নির্মূলে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলেও তিনি জানান। নিজেকে জনগণের সেবক হিসেবে উল্লেখ করে ড. মাসুদ বলেন, “আমি এমপি নই, আমি আপনাদের একজন সেবক। প্রকৃত এমপি হলেন বাউফলের সাড়ে চার লক্ষ জনগণ। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে আপনাদের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।” বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক মিয়া, ওলামা বিভাগ ও মসজিদ মিশনের উপজেলা সভাপতি অধ্যক্ষ কাজী আব্দুল দাইয়ান, এডভোকেট মুনতাসির মুজাহিদ, কালাইয়া রব্বানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এস এম আব্দুল হাই, ধান্দী কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ হাবিবুল্লাহ, অধ্যাপক আইউব বিন মুসা ও সুপার মোহাম্মদ ফারুক হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপার মো. নুরুন্নবী। সমাবেশে বাউফলের বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, মুয়াজ্জিন এবং বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ-সুপারসহ কয়েক সহস্রাধিক সুধীজন অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে