খুলনাী পাইকগাছায় রাস্তা নির্মাণের সরকারি ইট ইউপি সদস্যের বাড়ি নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার ৬ নং লস্কর ইউনিয়নে সরকারি ইট আত্মসাতের ঘটনাটি ঘটেছে। এদিকে, সরকারি ইট আত্মসাতে পিছনে উপজেলা পিআইও কর্মকর্তা যোগসাজশ রয়েছে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। স্থানীয় সূত্র জানিয়েছে, ইউনিয়নের রেজাউল মোল্লার বাড়ি থেকে কুড়ুলিয়া অভিমুখে প্রায় ৬০০-৭০০ ফুট ডাবল ইটের সোলিং নির্মাণের জন্য বরাদ্দকৃত সরকারি ইট মোফাজ্জেল হোসেন নিজের বাড়িতে মজুদ করছেন। মানুষজন জিজ্ঞাসা করলে ইট নিজের ক্রয় করা বলে জানান তিনি। তার এই অপকর্মে পিআইও অফিসের প্রধান কর্মকর্তা রাজীব বিশ্বাস প্রশ্রয় দিয়েছেন মোটা অংকের অর্থের বিনিময়ে। পিআইও অফিসের একাধিক সূত্র জানায়, শুধু ইট নয় পিআইও কর্মকর্তা রাজীব বিশ্বাস বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের ব্যবহার করে যোগসাজসে প্রকল্পের নামে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। কোন জবাবদিহিতা না থাকায় উপজেলা পিআইও কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উন্নয়নের নামে দেদারসে সরকারি অর্থ আত্মসাৎ করছেন। নিম্ন মানের প্রকল্প বাস্তবায়নসহ প্রকল্প থেকে ২০-২৫ শতাংশ টাকা রাজীব বিশ্বাস ও তার সিন্ডিকেট নিয়ে থাকেন। প্রকল্প থেকে কেউ টাকা দিতে না চাইলে রাজীব বিশ্বাস নানান ধরনের হুমকি ও বিল আটকে দেয়ার ভয় ভীতি দেন। স্থানীয়রা অভিযোগ করে বলেন, সরকারি অর্থ আত্মসাৎ এর কারণে এলাকায় প্রকৃত উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে এবং সাধারণ মানুষ এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের দাবি উন্নয়ন প্রকল্পের নামে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার না হয়ে অনিয়মের মাধ্যমে অপচয় ও লুটপাট চলছে। তারা আরো বলেন পূর্ববতী কিছু কর্মকর্তার সময় থেকে যে অনিয়মের ধারা শুরু হয়েছিল বর্তমান দায়িত্বশীলদের একটি অংশ সেই একই পথ অনুসরণ করছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ৬নং লস্কর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য এসএম মোফাজ্জল হোসেন বলেন,"রাস্তার কাজের জন্য এই ইট আনার সময় আমার ভাইয়ের কেনা ইটও একই সঙ্গে নিয়ে আসা হয়েছে। আমি সব সময় এভাবে মানুষের ইট আনি। এখানে কোন অনিয়ম হয়নি। এ বিষয়ে জানতে পাইকগাছা উপজেলার পিআইও কর্মকর্তা রাজীব বিশ্বাসের ফোনে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। এমনকি সরাসরি বক্তব্য নিতে কয়েকদফা অফিসে যেয়ে তাকে পাওয়া যায়নি। এদিকে, পিআইও কর্মকর্তার অনুপস্থিতি ও তাকে না পাওয়ার বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী'র কাছে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।