আশাশুনির আনুলিয়ায় ১ কিঃমিঃ পিচের রাস্তা ভেঙ্গে ভেঙ্গে পড়ছে

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৩ মার্চ, ২০২৬, ০৭:২৯ পিএম
আশাশুনির আনুলিয়ায় ১ কিঃমিঃ পিচের রাস্তা ভেঙ্গে ভেঙ্গে পড়ছে

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে নির্মানের এক বছরের মধ্যে অনিয়ম ও অবহেলায় এক কিঃমিঃ রাস্তা ভেঙ্গে ভেঙ্গে পড়ছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও প্রতিকার না হওয়ায় এলাকাবাসীর মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

জানাগেছে, আনুলিয়া ইউনিয়ন পরিষদের থেকে চাঁদবাড়িয়া খেয়াঘাট পর্যন্ত সড়কের মাঝের অংশে প্রায় এক কিঃমিঃ পিচের কার্পেটিং এর রাস্তা নির্মানের পর থেকেই হুমকীতে ছিল। ২০২৫ সালে রাস্তার কাজ শেষ হয় কিন্তু মাঝের অংশে রাস্তার দু'পাশে মাটির কাজ করা হয়নি। ফলে রাস্তাটির দু'পাশে ভাঙ্গতে শুরু করে। বর্তমানে সড়কের মূল অংশ ভাঙ্গতে শুরু করেছে। দক্ষিণ একসরা ইউসুফ মোড়লের বাড়ির সামনে থেকে মধ্যম একসরা শহীদ জিয়া ফুটবল মাঠ পর্যন্ত প্রায় এক কিঃমিঃ সড়ক ভাঙ্গতে শুরুর পর থেকে উর্দ্ধতন কর্তৃপক্ষকে স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ অবহিত করলেও কোন প্রতিকার পাওয়া যায়নি। ফলে কোটি কোটি টাকার সড়কটি পাশের ঘেরেবিলের পানিতে ধসে পড়ছে। দ্রুত রাস্তার পাশের মাটির কাজ না করা হলে সামনের বর্ষা মৌসুমে সড়কের বড় অংশ বিলীন হওয়ার শঙ্খা বিরাজ করছে।

আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ জানান, রাস্তার কার্পেটিং কাজের পাশাপাশি মাটির কাজের জন্য সম্ভবত ১১ লক্ষ টাকা বরাদ্দ ছিল। কিন্তু কেন এক কিঃমিঃ রাস্তার পাশে মাটির কাজ করা হয়নি জানিনা। দ্রুত ব্যবস্থা না নিলে রাস্তাটি ব্যবহার ঝুকিতে পড়তে পারে। তিনি দ্রুত ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে দাবী জানান।

এব্যাপারে উপজেলা প্রকৌশলী অনিন্দ্ব্যদেব এঁর বক্তব্য নিতে তাঁর ব্যবহৃত মোবাইলে একাধিকবার রিং করা হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে