ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান

এফএনএস (মোঃ রফিকুল হায়দার টিটু; কটিয়াদী, কিশোরগঞ্জ) :
| আপডেট: ১০ মার্চ, ২০২৬, ০৫:৪৫ পিএম | প্রকাশ: ১০ মার্চ, ২০২৬, ০৫:৪৫ পিএম
ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর পক্ষ থেকে স্থানীয় সাংসদ এ্যাড. জালাল উদ্দিন নিহতের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। 

মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামে নিহত বাচ্চু মিয়ার বাড়িতে যান কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন। তিনি  প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিহতের পরিবারের সদস্যদের হাতে অর্থ তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল আলম রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অ্যাডভোকেট জালাল উদ্দিন এমপি জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর মাধ্যমে পরিবারের খোঁজখবর নিচ্ছেন। বাচ্চু মিয়ার মরদেহ দেশে আনার যাবতীয় খরচ সরকার বহন করবে এবং বিদেশ থেকে ক্ষতিপূরণ আদায়েরও চেষ্টা করা হবে। তিনি আরও বলেন, প্রবাসে কর্মরত অবস্থায় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা একজন প্রবাসীর এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত দুঃখজনক। সরকার সব সময় প্রবাসী ও তাদের পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

নিহত বাচ্চু মিয়ার পরিবার প্রধানমন্ত্রীর সহানুভূতি ও অর্থ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছিলেন। এ অবস্থায় প্রধানমন্ত্রীর সহায়তা তাদের কিছুটা হলেও সাহস ও সান্তনা জুগিয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে সৌদি আরবের রাজধানী রিয়াদের সন্নিকটে মার্কিন সামরিক ঘাঁটির কাছে ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি প্রবাসী কটিয়াদীর বাচ্চু মিয়া (৪০) নিহত হন। রোববার সৌদি আরবে ইফতারের পূর্বে রিয়াদের নিকটবর্তী আল খারিজ এলাকায় আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পের ওপর ক্ষেপনাস্ত্র হামলা হলে বাচ্চু মিয়াসহ কয়েকজন শ্রমিক নিহত হন।

আপনার জেলার সংবাদ পড়তে