প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বন্ধ পাটকলগুলো আবার চালু করে কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া পাট শিল্পে বৈচিত্র্য এনে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাট আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি। এটি আমাদের জীবনের সাথে মিশে আছে। সারা বিশ্বে একসময় এই সোনালী আঁশের মাধ্যমে বাংলাদেশের পরিচিতি ছিল। এ পাট শিল্পকে আমরা আবার সারা বিশ্বকে পরিচয় করিয়ে দিব। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম ।
তিনি বলেন,আপনারা জানেন ২০০১ সালে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে প্লাস্টিককে নিষিদ্ধ করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় আমরা আবার মানুষকে প্লাস্টিকের বিরুদ্ধে জনমত গড়ে তুলে এই চট ও পাটের দ্রব্যাদি ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করব। ইতিমধ্যে আন্ত মন্ত্রণালয় এবং সরকারের বিভিন্ন অফিসে পাটপণ্যের ব্যবহার বাড়াতে আমরা উদ্যোগী হয়েছি। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় যেসব জায়গায় পাট ও চটের ব্যবহার করা যায় সেগুলো নিশ্চিত করব। তিনি বলেন,আপনারা জানেন আমাদের সরকারের বয়স খুবই কম তবুও আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা করছি যাতে খুব অল্পসময়ের মধ্যে এগুলো দৃশ্যমান হয়। পাশাপাশি পাট ও পাটের বীজের উৎপাদন বৃদ্ধি করা, বন্ধ মিলকারখানা গুলো চালু করা, কর্মসংস্থান সৃষ্টি করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছি। এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, গণপূর্ত বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ শহীদুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌরবিএনপির আহবায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ প্রমুখ।