অঘোষিত ফাইনালে বাংলাদেশ-পাকিস্তান, সিরিজ জয়ের লড়াই আজ মিরপুরে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬, ০১:০২ এএম
অঘোষিত ফাইনালে বাংলাদেশ-পাকিস্তান, সিরিজ জয়ের লড়াই আজ মিরপুরে

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজ এখন এসে দাঁড়িয়েছে অঘোষিত ফাইনালে। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা থাকায় তৃতীয় ও শেষ ম্যাচেই নির্ধারিত হবে বিজয়ী দল। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ রোববার (১৫ মার্চ) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

তিন ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত ক্রিকেট খেলেছিল বাংলাদেশ। পাকিস্তানকে মাত্র ১১৪ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় স্বাগতিকরা। সেই ম্যাচে আগুনঝরা বোলিংয়ে ২৪ রানে ৫ উইকেট নেন পেসার নাহিদ রানা। পরে ব্যাট হাতে সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ।

তবে দ্বিতীয় ওয়ানডেতে চিত্র পুরো পাল্টে যায়। প্রথম ম্যাচের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। আগে ব্যাট করে ২৭৪ রানের লড়াকু সংগ্রহ গড়ে সফরকারীরা। ওপেনার মাজ সাদাকাতের ৪৬ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস পাকিস্তানের বড় স্কোর গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। ৬.৩ ওভারে ২৭ রান তুলতেই ৩ উইকেট হারায় টাইগাররা। এরপর বৃষ্টির কারণে দীর্ঘ বিরতির পর ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের সামনে ৩২ ওভারে ২৪৩ রানের নতুন লক্ষ্য দাঁড়ায়। বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে ব্যাটারদের ব্যর্থতায় ২৩.৩ ওভারে ১১৪ রানেই অলআউট হয় বাংলাদেশ। ফলে বৃষ্টি আইনে ১২৮ রানে হারে স্বাগতিকরা।

এই হারের ফলে সিরিজে সমতা ফিরে আসে। তাই রোববারের ম্যাচটি হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী লড়াই। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি। অনলাইনে খেলা দেখা যাবে আই স্ক্রিন অ্যাপে।

শেষ ম্যাচের আগে দলের ব্যাটিং নিয়ে উদ্বেগের কথাই জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, “আমরা প্রথম ১০ ওভারে ভালো করতে পারিনি, যা প্রথম ম্যাচে করতে পেরেছিলাম। ব্যাট করার জন্য এটি খুব ভালো উইকেট ছিল, কিন্তু আমাদের টপ অর্ডার ব্যাটাররা রান করতে পারেনি।”

সিরিজ জিততে হলে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই আরও উন্নতি প্রয়োজন বলেও মনে করেন মিরাজ। তার ভাষায়, “ব্যাটিং ও বোলিংয়ে আমাদের উন্নতি করতে হবে এবং আরও দায়িত্ব নিতে হবে। আমি আশা করি, খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজাড় করে দেবে।”

তৃতীয় ম্যাচেও যদি বাংলাদেশের ব্যাটাররা নিজেদের ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে না পারেন, তাহলে সিরিজ হাতছাড়া হওয়ার শঙ্কা রয়েছে। তবে ঘরের মাঠে ভালো পারফরম্যান্স করে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চাইছে টাইগাররা।

আপনার জেলার সংবাদ পড়তে