রাজশাহীর বাঘায় সুন্দরী নারীর ছবি দিয়ে ফেসবুকে প্রতারণার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) রাত ১টার দিকে উপজেলার খায়েরহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হ্যাকিং এর সাথে সম্পৃক্ত বলেও নিশ্চিত করেন পুলিশ। জানা গেছে, উপজেলার খায়েরহাট গ্রামের মজিবর রহমানের ছেলে শুভ আলী (২০) , আব্দুল মালেকের ছেলে সারুফ ইসলাম (২১) এবং একই গ্রামের আব্দুল খালেকের ছেলে রাঙ্গা ইসলাম (২২) রোববার রাতে রাঙ্গা ইসলামের বাড়িতে বসে মাদক সেবন করছিল। এছাড়া ফেসবুকে একটি এ্যাপস খুলে নারী কন্ঠে প্রবাসী যুবকের সাথে কথা বলছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছে হ্যাকিং এর কাজে ব্যবহৃত ছয়টি এ্যানডোয়েড মোবাইল ফোন, ৫ পিচ ইয়াবা ট্যালেট উদ্ধার করা হয়। এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, গ্রেফতারকৃতরা সুন্দরী নারীর ছবি দিয়ে ফেসবুক আইডি খুলে প্রবাসী পুরুষের সাথে নারী কন্ঠে কথা বলে প্রতারণা করে আসছিল। এমন অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।