আশাশুনি উপজেলার খেজুরডাঙ্গায় দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে নির্মানাধীন ব্রীজের ম্যানেজারকে বেপরোয়া মারপিট, টাকা লুট ও কাজ বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কাজের ম্যানেজার বাকেগঞ্জের মৃত ইয়াছিন খানের ছেলে আব্দুস সালাম খান বাদী হয়ে বাশতলা গ্রামের মৃত রাম প্রসাদের ছেলে রায়ু ও গোপাল, কবিরের ছেলে সোনারুল, কাটাখালী গ্রামেন মৃত করিম গাজীর ছেলে হাবিবুল্লাহ গাজী, হাকিম গাজীর ছেলে হামিদ গাজীসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনকে বিবাদী করে দায়েরকৃত অভিযোগে জানাগেছে, বাদী কোহিনুর এন্টারপ্রাইজ এন্ড হাজি এন্টারপ্রাইজের অধীনে খেজুয়ারডাঙ্গা ব্রীজ নির্মান কাজে ম্যানেজারের দায়িত্ব আছেন। বিবাদীরা ব্রীজের কাছে গিয়ে কাজ করতে হলে ১,০০,০০০ টাকা চাঁদা দাবী করে। ম্যানেজার সংঘাতে না গিয়ে তাদেরকে ১০,০০০ টাকা দিয়ে কাজে বাধা না দিতে অনুরোধ করে। তারপরও বিবাদীরা এক লক্ষ টাকা চাঁদার দাবীতে অনড় থাকে। বিষয়টি ঠিকাদারকে অবহিত করেন ম্যানেজার। বিবাদীরা জানার পর ক্ষিপ্ত হয়ে বাদীকে মারধর করার ষড়যন্ত্র করতে থাকে। গত ১৬ মার্চ সকাল ৭ টার দিকে বিবাদীরা ব্রীজের কাছে গিয়ে পুনরায় ১,০০,০০০ টাকা চাঁদা চায়। টাকা দিতে রাজি না হওয়ায় বিবাদীরা তাকে এলোপাতাড়ী কিল, ঘুষি, লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নিলাফোলা জখম করে এবং হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। তারা পুনরায় সকাল ৮ টার দিকে উপস্থিত হয়ে চাঁদা না দেওয়ায় কাজ বন্ধ করতে বলে এবং ভেকু মেশিনের কাজ বন্ধ করে দেয়। মৌখিক প্রতিবাদ করলে কিল, ঘুষি মারে, শার্টের বুকপকেটে থাকা ভেকু মেশিনের তেল কেনার নগদ ২০,০০০ টাকা জোর পূর্বক কেড়ে নেয় এবং ২ দিনের মধ্যে চাঁদার টাকা পরিশোধ করতে বলে। না হলে সকল কাজ বন্ধ ও খুন করে লাশ গুম করার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করিয়া চলিয়া যায়। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন ও সরকারি কাজে বাঁধার প্রতিকার প্রার্থণা করা হয়েছে।