রাজশাহীর মোহনপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২২ মার্চ) বিকাল ৪টার দিকর উপজেলার বেড়াবাড়ী গ্রামে দিঘির মোড়ে তাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম মো. সাব্বির (২১)। বাড়ি মোহনপুর উপজেলার বেড়াবাড়ী গ্রামে। বাবার নাম মো. আলমগীর। সাব্বির সবজি ও মুদির দোকান চালান। তার মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। সোমবার মরদেহের ময়নাতদন্ত হবে।
মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) মোদাচ্ছের হোসেন খান জানান, এ ঘটনার সঙ্গে জড়িত হিসেবে প্রাথমিকভাবে তিনজনের নাম জানা গেছে। তাদের সঙ্গে পূর্বশত্রুতা ছিল। এর জের ধরে সাব্বিরকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
তিনি জানান, এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদেরও আটকের চেষ্টা চলছে। সোমবার ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।