সিরাজগঞ্জের রায়গঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে ব্যাবসায়ী পিতা পুত্রকে ব্যাপক মারপিট করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় ৭ জনের নামে মামলা হয়েছে, পুলিশ অভিযান চালিয়ে এক জনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের বেংনাই গ্রামে । মামলা সূত্রে জানা যায়, গত শনিবার রাত আনুমানিক সাড়ে আটটায় মশলা ব্যাবসায়ী বেংনাই গ্রামের মৃত রমজান আলীর পুত্র রজব আলী ও তার পুত্র নুরনবী শেখ স্থানীয় মিত্রতেঘরি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এমন সময় দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা অতর্কিত ভাবে ব্যাবসায়ী পিতা পুত্রের উপর ঝাপিয়ে পড়ে। তাদের হাতে থাকা রাম দা , হাসুয়া, ফসকা, লোহার রড, বাঁশের ফালা ও কাঠের বাটাম দিয়ে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে ও কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। এ সময় স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করলে তাদের শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। জখমীদ্বয় আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। খবর পেয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আহসানুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিরাজগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় আসামীদের গ্রেফতারে এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে গতকাল রবিবার বেংনাই গ্রামের জয়নাল শেখের পুত্র মোঃ সেলিম শেখ (২৫) কে আটক করেছে। রায়গঞ্জ থানার মামলা নং ১৩ , তারিখ ২২/৩/২০২৬ ।