ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার প্লাটিনাম জুবিলি উদযাপন

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৬, ০১:৩৪ পিএম
ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার প্লাটিনাম জুবিলি উদযাপন
পুরনো স্মৃতি, হারানো দিন, বন্ধুত্ব থাকুক চিরদিন-প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্লাটিনাম জুবিলি উদযাপন করা হয়েছে। প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটির আয়োজনে রোববার দিনব্যাপি নানা কর্মসূচী পালিত হয়। সকালে মাদ্রাসা মাঠ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে দুপুরে মাদ্রাসা মাঠে আলোচনা সভা, মাদ্রাসার সাবেক শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও দাতা সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। বিকালে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ হোসাইন সভাপতিত্ব করেন। কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান সরকার স্বপন, প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মুকুল, সাবেক শিক্ষার্থী বিএডিসির অবসর প্রাপ্ত প্রধান প্রকৌশলী ইয়াছিন আলী ও মনিরুজ্জামান মনির প্রমূখ বক্তব্য রাখেন। প্লাটিনাম জুবিলিতে আগত নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা বলেন, প্লাটিনাম জুবিলি নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে সেতু বন্ধন তৈরি করেছে। প্রবীণ শিক্ষার্থীদের সাথে নবীন শিক্ষার্থীরা পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি করেছে। অধ্যক্ষ আলতাফ হোসাইন বলেন, ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা দীর্ঘ ৭৫ বছর যাবত সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। মাদ্রাসাটিতে বর্তমানে প্রায় ৮০০শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্লাটিনাম জুবিলি উদযাপন নবীন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে উদ্বুদ্ধ করবে।
আপনার জেলার সংবাদ পড়তে