দৌলতপুর সীমান্তে এলএসডিসহ বিপুল মাদক উদ্ধার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৬, ০৪:৫৯ পিএম
দৌলতপুর সীমান্তে এলএসডিসহ বিপুল মাদক উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে সোয়া ৬ কোটি টাকারও বেশি মূল্যের এলএসডিসহ বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী পণ্য জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায় আনুমানিক সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল (প্রতি বোতল ৫০ মিলি) ভারতীয় এলএসডি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই উচ্চমূল্যের মাদকের আনুমানিক সিজার মূল্য প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকা।

এদিকে, মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে সীমান্তবর্তী মুন্সিগঞ্জ মাঠ ও প্রাগপুর নদীর ঘাট এলাকায় পৃথক আরও দুটি অভিযান পরিচালনা করে বিজিবি। এসব অভিযানে আশ্রায়ন ও প্রাগপুর বিওপির টহল দল বিপুল পরিমাণ ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ফেয়ারডিল সিরাপ এবং পাতার বিড়ি জব্দ করে।

জব্দকৃত সব মালামালের মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি ২৬ লাখ ৮০ হাজার ৫৮৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান চলমান রয়েছে।