পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ পালিত হচ্ছে। বর্ণিল সাজে সেজে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে আজ মঙ্গলবার সকাল আটটায় পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক দিয়ে স্থানীয় আফতাব উদ্দিন কলেজ মাঠের বৈশাখী মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
সেখানে জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনার পরপরই জেলা প্রশাসনের আয়োজনে সাত দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন এমপি। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
বর্ষ বরণ করে পিরোজপুরের ঐতিহ্যবাহী গোপাল কৃষ্ণ টাউন ক্লাব। ওই আয়োজনে অতিথিরা আপ্যায়িত হয় আবহমান বাংলা ঐতিহ্যবাহী খাবার পান্তা-চিংড়ি দিয়ে। এছাড়া স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জাতীয়তাবাদী বন্ধু মহল নামের একটি সংগঠন দেশী নানা ফল ও পিঠা দিয়ে অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে বর্ষবরণ উৎসব পালন করে। তাদের ওই আয়োজনে ছিলো ১২৬ প্রকার ফল ও অর্ধশত দেশীয় বিলুপ্তপ্রায় পিঠার সমাহার।