রাজশাহীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৬, ০৬:২২ পিএম
রাজশাহীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার সময় রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বিএসটিআই’র ছাড়পত্রবিহীন ‘শ্যাম্পু, সাবান, লিপস্টিক, স্কিন লোশন, স্কিন ক্রিম, স্কিন পাউডার প্রভৃতি’ পণ্য বিক্রি-বিতরণ করায় নগরীর নিউ মার্কেট সংলগ্ন থিম ওমর প্লাজায় অবস্থিত ‘কুইন্স পার্ক’ এবং ‘কেসি বাজার’ প্রতিষ্ঠানদুটির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাহাতুল করিম মিজান এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজাল ও নকল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন পণ্যসামগ্রীর সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আপনার জেলার সংবাদ পড়তে