সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কম দামে সুস্বাদু ইলিশ মাছ বিক্রির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সন্ধান মিলেছে। এই চক্রের মূল দুই সদস্যকে নড়াইল জেলা থেকে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-মো. হাবিবুর রহমান সাজিদ ওরফে হেদায়েত হুজুর (৪১) এবং মো. রকিবুল হাসান নয়ন ওরফে রাব্বী শরীফ (৩৬)। তাদের বাড়ি নড়াইল জেলার কালিয়া থানা এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং বেশ কয়েকজন ভুক্তভোগীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত নামে চাঁদপুর জেলা পুলিশ। অনুসন্ধানে জানা যায়, চক্রটি ফেসবুকের বিভিন্ন ভুয়া পেজে আকর্ষণীয় মূল্যে ইলিশসহ নানা পণ্য বিক্রির চটকদার বিজ্ঞাপন দিত। পরে সরলয় সাধারণ ক্রেতাদের কাছ থেকে বিকাশ বা ব্যাংকের মাধ্যমে অগ্রিম টাকা নিয়ে পণ্য না দিয়ে মোবাইল বন্ধ করে রাখত।
চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমানের তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। ডিবি পুলিশের একটি চৌকস দল-এসআই মো. আনছার উল্লাহ ও এসআই মো. জিয়াউল হক জিয়া’র নেতৃত্বে নড়াইল জেলার কালিয়া থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়। গত ২০ আগস্ট ২০২৬ তারিখ রাতে কালিয়া থানার পুরুলিয়া ইউনিয়ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ০৫টি মোবাইল ফোন, বেশ কয়েকটি সিমকার্ড এবং নগদ ৬০,০০০ টাকা উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এই প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এবং পেনাল কোড অনুযায়ী নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
অনলাইন কেনাকাটায় সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, "অপরিচিত কোনো ফেসবুক পেজ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই-বাছাই না করে লেনদেন করা থেকে বিরত থাকুন। অনলাইন প্রতারকদের আইনের আওতায় আনতে চাঁদপুর জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।" শুক্রবার ২১ আগস্ট চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়েছে।