পবিত্র ঈদে মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ঈদে মীলাদুন্নবী (সা.) র্যালি বাস্তবায়ন কমিটি, সিলেটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বৃহৎ ও বর্ণাঢ্য মুবারক র্যালি। বুধবার বাদ যোহর সোবহানীঘাট থেকে বের হওয়া র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিকে ঘিরে সকাল থেকেই সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লি, আশিকে রাসূল (সা.), আলেম-উলামা, ছাত্র ও সর্বস্তরের জনতা সমবেত হন। সকাল ১০টায় অনুষ্ঠিত আলোচনা সভায় ঈদে মীলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব-তাৎপর্য এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। দুপুরে বের হওয়া র্যালিতে বর্ণিল পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। সবুজসহ নানা রঙের পতাকার ঢেউয়ে সিলেটের রাজপথ যেন রূপ নেয় এক অনন্য দৃশ্যে। তরুণ-যুবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালি হয়ে ওঠে আরও প্রাণবন্ত। নাতে রাসূল (সা.), দরুদ ও ধর্মীয় স্লোগানে মুখরিত হয় নগরীর রাজপথ। পথে নগরবাসী ও পথচারীদের অনেকেই দাঁড়িয়ে বর্ণাঢ্য এ আয়োজন প্রত্যক্ষ করেন। দীর্ঘ র্যালির সুশৃঙ্খল সারি, পতাকা-ব্যানারের বর্ণিলতা এবং ধর্মীয় আবহে পুরো নগরী ধারণ করে উৎসবমুখর রূপ। হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর প্রতিষ্ঠিত বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া প্রতিবছর ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে এ কর্মসূচি পালন করে আসছে।
নবীপ্রেমে আবেগাপ্লুত হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিলেটের এবারের মুবারক র্যালি হয়ে উঠেছে এক স্মরণীয় আয়োজন-যা বহন করেছে একটাই বার্তা: প্রিয় নবী (সা.)-এর ভালোবাসা হৃদয়ে ধারণ করে তাঁর আদর্শ অনুসরণ করাই ঈমানি জীবনের সৌন্দর্য।