সুনামগঞ্জের দোয়ারাবাজারে থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে দুই ইয়াবা সেবনকারীকে মোট ১ বছর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) উপজেলার ডালিয়া ও ঘিলাতলী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে দোয়ারাবাজার থানা পুলিশের একটি দল এই যৌথ অভিযান পরিচালনা করে।
প্রেস রিলিজ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডালিয়া গ্রামের মৃত আছমত আলীর ছেলে মোঃ শাহা আলম (৪৫)-কে ২ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে পরিচালিত মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই অভিযানে ঘিলাতলী গ্রামের মোঃ ইশাদ মিয়ার ছেলে মোঃ আব্দুল কাদির (২৯)-কে ১ পিস ইয়াবাসহ আটক করা হয়। অপরাধ স্বীকার করায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযান শেষে দণ্ডপ্রাপ্ত উভয় আসামিকে সাজা পরোয়ানামূলে কঠোর পুলিশি প্রহরায় সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল ইসলাম জানান, মাদকমুক্ত পরিচ্ছন্ন উপজেলা গড়ে তুলতে ও তরুণ সমাজকে রক্ষায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের এই যৌথ অভিযান ও মোবাইল কোর্টের সচলতা নিয়মিত অব্যাহত থাকবে।