বরিশালের বাবুগঞ্জ উপজেলা রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায়, ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বাবুগঞ্জ উপজেলা রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি সৈয়দ আলী হোসেন (লাভলু)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক হারুনুর রশিদ খান।
অনুষ্ঠানে বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা এবং জীবনমান উন্নয়নে ইসলামী শ্রমনীতির গুরুত্ব তুলে ধরেন। তারা শ্রমিকদের পরিচয়পত্র বিতরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর মাধ্যমে উপজেলার প্রান্তিক ও মেহনতি শ্রমিকদের একটি সুনির্দিষ্ট তথ্যভাণ্ডার তৈরি হবে। ভবিষ্যতে শ্রমিকদের বিভিন্ন আইনি, সামাজিক ও সাংগঠনিক সুবিধা নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আঞ্চলিক সহকারী পরিচালক (বরিশাল) মশিউর রহমান, বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান অলিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাবুগঞ্জ শাখার উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম, মো. সাইফুল ইসলাম এবং সংগঠনের বাবুগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন। এ সময় উপজেলার বিপুলসংখ্যক রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।