পিরোজপুরের নাজিরপুর উপজেলার ১৭০নং উত্তর চালিতাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেশমা আক্তারকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।গত (২৮ সেপ্টেম্বর )জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বক্তিয়ার রহমান স্বাক্ষরিত অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়েছে। অফিস আদেশে উল্লেখ করা হয়, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে অসদাচরণ, সরকারি অর্থ ও বিদ্যালয়ের সম্পদ ব্যবস্থাপনা এবং সরকারি নির্দেশনা তোয়াক্কা না করে বিধিবহির্ভূতভাবে পরীক্ষার ফি বাবদ অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে। এছাড়া ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রাপ্ত বরাদ্দকৃত মেরামত ও সংস্কার কাজের অর্থ যথাযথভাবে ব্যয় না করার অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে।
গত ১৩জানুয়ারী সংশ্লিষ্ট উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ার পর, নাজিরপুর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার গত ১৫ সেপ্টেম্বর বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। বিভিন্ন অনিয়ম ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(থ) ধারা অনুযায়ী দায়িত্ব ও কর্তব্যে অবহেলা, অসদাচরণ এবং সরকারি কর্মচারী হিসেবে শাস্তিযোগ্য অপরাধ করায়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর ১২(২) ধারা অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত বিধি মোতাবেক খোরপোশ ভাতা প্রাপ্য হবেন। নাজিরপুর উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামিম হাসান বলেন, ১৭০নং উত্তর চালিতাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেশমা আক্তারকে সাময়িক বরখাস্ত অফিস আদেশ পেয়েছি, আদেশের কপি বিদ্যালয়ে পাঠানো হয়েছে।