তারেক রহমানের নেতৃত্বে দেশ আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১ জানুয়ারী, ২০২৬, ০৪:২০ পিএম
তারেক রহমানের নেতৃত্বে দেশ আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল
ছবি, সংগৃহিত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ের সামনে সাংবাদিকদের জানিয়েছেন, “বেগম খালেদা জিয়ার বিরল ব্যক্তিত্ব এবং তার প্রতি মানুষের ভালোবাসা ও আবেগ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব আরও সুদৃঢ় হবে।”

মির্জা ফখরুল ইসলাম বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন, সাহসী ও মানবিক নেতা। তার রাজনৈতিক প্রজ্ঞা ও ত্যাগ দলকে ভবিষ্যত পথচলায় অনুপ্রেরণা জোগাবে। জনগণের আবেগ ও ভালোবাসাকে শক্তিতে রূপান্তর করে বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে আরও ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে পারবে।”

পীর সাহেবের সঙ্গে সাক্ষাত প্রসঙ্গে তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদের যে দর্শন দিয়ে গিয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই পতাকাকে উপরে তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন, এটাই মানুষের প্রত্যাশা।”

‘দেশের পক্ষের যে শক্তি রয়েছে তারা আগামী নির্বাচনকে সুষ্ঠু অবাধ ও নিরেপক্ষ করে বিএনপিকে বিজয়ী করবে’-উল্লেখ করেন তিনি।

এদিন সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্ট নাগরিক ও ব্যবসায়ী নেতারা অংশ নেন। তারা শোক বইতে স্বাক্ষর করে প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা জানান।

আপনার জেলার সংবাদ পড়তে