বাগমারায় ধানের শীষের আধিপত্যচেষ্টা ব্যর্থ, দাড়িপাল্লার জয়

এফএনএস (বাগমারা, রাজশাহী)
| আপডেট: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৫৪ এএম | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৫৪ এএম
বাগমারায় ধানের শীষের আধিপত্যচেষ্টা ব্যর্থ, দাড়িপাল্লার জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে ভোটগ্রহণকে কেন্দ্র করে কয়েকটি কেন্দ্রে উত্তেজনা ও আধিপত্য বিস্তারের অভিযোগ উঠেছে। উপজেলার গণিপুর, শ্রীপুর, গোয়ালকান্দি ইউনিয়ন এবং তাহেরপুর পৌরসভাসহ কয়েকটি ভোটকেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডি. এম. জিয়াউর রহমানের সমর্থকদের বিরুদ্ধে একক প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ পাওয়া যায়। কিছু স্থানে সংঘর্ষের ঘটনাও ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সার্বিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অধিকাংশ কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিচ্ছিন্ন ঘটনার পরও পুরো উপজেলায় কোনো বড় ধরনের সহিংসতা ঘটেনি। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী দাড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৫ হাজার ২২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ডি. এম. জিয়াউর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৮৬১ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী তাজুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬৭০ ভোট এবং জাতীয় পার্টি-এর প্রার্থী ফজলুল হক লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৫৯ ভোট। আসনটিতে মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ২৭ হাজার ৯১৬। বাতিল ভোট পড়েছে ৪ হাজার ৭৮৪টি। সর্বমোট প্রদত্ত ভোট ২ লাখ ৩১ হাজার ১৯০ এবং ভোটের হার ছিল ৭২ দশমিক ২৭ শতাংশ। বাগমারায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন। পোস্টাল ব্যালটসহ প্রাপ্ত ফলাফলে এই চিত্র উঠে এসেছে। উল্লেখ্য, ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত বাগমারা উপজেলা রাজশাহী-৪ সংসদীয় আসন। নির্বাচনে নানা অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যেও শেষ পর্যন্ত ভোটারদের রায়ে নতুন প্রতিনিধিকে বেছে নেওয়া হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে