জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো এক আসনে বিজয়ী হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী।
বরগুনা-১ আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দলটির মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. অলি উল্লাহ। ধানের শীষের নজরুল ইসলাম মোল্লাকে ৪ হাজার ১৭৫ ভোটে হারিয়েছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই জামায়াতসহ সমমনা দলগুলো এক হয়ে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন এবং গণভোট আলাদা দিনে করার দাবিতে একজোট হয়ে যুগপৎ আন্দোলনে নামে। এরপর সিদ্ধান্ত হয় জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার। তবে আসন ভাগাভাগি নিয়ে ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াতের টানাপড়েন দেখা যায়। শেষ পর্যন্ত জোট ছেড়ে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নেয় চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। ২৫৮ আসনে প্রার্থী দেয় দলটি। এর মধ্যে বরগুনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন দলটির প্রার্থী মো. অলি উল্লাহ। প্রতিষ্ঠার পর প্রথম সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছে দলটি।
ফলাফল অনুযায়ী, অলি উল্লাহ পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। তিনি মোট ১ লাখ ৩৪ হাজার ৩৩৬ ভোট পেয়েছেন।
এতে ৪ হাজার ১৭৫ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ইসলামী আন্দোলনের অলি উল্লাহ।