রাষ্ট্রীয় কর্মসূচির ব্যস্ত সূচির মধ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার ৫ মিনিটের দিকে তিনি নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও ফাতিহা পাঠ করা হয়।
এর আগে একই দিন বেলা ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। প্রথমে এককভাবে এবং পরে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনের পর এক মিনিট নীরবতা পালন করা হয়। স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
সকাল ১০টায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাভারের উদ্দেশ্যে রওনা দেন। তাদের আগমন উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
জিয়া উদ্যান থেকে প্রধানমন্ত্রী সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। সেখানে নির্ধারিত দপ্তরে প্রথমবারের মতো অফিস করবেন তিনি। বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি। প্রায় দুই দশক পর দলটি ক্ষমতায় ফিরে আসে এবং প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন তারেক রহমান।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা, মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং পারিবারিক সমাধিতে সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে নতুন সরকারের প্রথম দিনটি শুরু হলো এক প্রতীকী বার্তা নিয়ে।