বেপরোয়াগতির বাসের ধাক্কায় তৈয়ব আলী (৫১) নামের এক মাহেন্দ্রা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অজ্ঞাতনামা এক ভ্যান চালক গুরুত্বর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাসষ্ট্যান্ডে।
নিহত তৈয়ব আলী ঢাকার খিলক্ষেতের কুড়াতলী জোয়ার সাহারা এলাকার বাসিন্দা। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানিয়েছেন, বেপরোয়াগতির মুন পরিবহনের একটি বাস পেছন থেকে একটি মাহেন্দ্রা ও ভ্যানকে স্বজোরে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রা চালক তৈয়ব আলী ও অজ্ঞাতনামা ভ্যান চালক গুরুত্বর আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাহেন্দ্রা চালককে মৃত বলে ঘোষনা করেন। এছাড়াও ভ্যান চালককে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আরও জানিয়েছেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।