ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাবের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৩১ পিএম
ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাবের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর উদ্যোগে সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভেজাল ও মজুতদারী প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে বিশেষ বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব-১০ এর আভিযানিক দল এবং বাজার ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অভিযানকালে কেরাণীগঞ্জের বিভিন্ন কাঁচাবাজার, মুদি দোকান ও পাইকারি আড়তে তদারকি করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং ভেজাল খাদ্যদ্রব্য মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় মোট ৩৫,৫০০/- (পয়ত্রিশ হাজার পাঁচশত) টাকা জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। আসন্ন পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করা হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি প্রতিরোধে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। সকল ব্যবসায়ীকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন এবং ভোক্তা অধিকার সংরক্ষণে সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে নিকটস্থ র‌্যাব ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সাধারণ জনগণকে অনুরোধ করা হচ্ছে। 

আপনার জেলার সংবাদ পড়তে