পিলখানা হত্যাকাণ্ড

সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:২২ পিএম
সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল: মির্জা ফখরুল

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ড দেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে স্মরণীয়। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার উদ্দেশ্যেই ৫৭ জন চৌকস কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল।

তিনি বলেন, “সেদিনের এই ভয়াবহ ঘটনায় প্রায় ৭২ জন কর্মকর্তা ও কর্মচারীকে নির্মমভাবে হত্যা করা হয়। এটি আমাদের জাতির জন্য অত্যন্ত লজ্জার এবং কলঙ্কজনক অধ্যায়। পুরো নিরাপত্তা ব্যবস্থাকে ধ্বংস করার গভীর চক্রান্ত করা হয়েছিল। একইসঙ্গে বাংলাদেশের সেনাবাহিনী এবং দেশের মনোবল ভেঙে দেওয়ার উদ্দেশ্যও ছিল।”

মন্ত্রী আরও জানান, দেশের জনগণ স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার জন্য সেই সময়ে ঘুরে দাঁড়িয়েছে। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতা ও গণতন্ত্রকে সুসংহত করার সুযোগ পেয়েছে। “আমরা এই জঘন্য হত্যাকাণ্ডের একটি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করব এবং দায়ীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানাই।”

বিএনপি মহাসচিবের সঙ্গে কবরস্থানে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর, লেফটেন্যান্ট কর্নেল (অব.) জামান, মেজর (অব.) মিজানুর রহমান, মেজর (অব.) সিদ্দিকুর রহমান, স্কোয়াড্রন লিডার (অব.) জাহিদ হোসেন, খন্দকার লুৎফর রহমান, রাকিন আহমেদ ভুইয়া ও দলের মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে