দীর্ঘদিন পর চালু হওয়া মাদ্রাসা শিক্ষা বোর্ড-এর অধীন চলতি বছরের ৮ম শ্রেণির জেডিসি বৃত্তি পরীক্ষার ফল গত বুধবার প্রকাশিত হয়েছে। নওগাঁ জেলায় এবার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যায় শীর্ষে রয়েছে ধামইরহাট উপজেলা ও নওগাঁ সদর উপজেলা-দুই উপজেলাই পেয়েছে ১৯টি করে বৃত্তি। জেলার অন্যান্য উপজেলার মধ্যে বদলগাছী উপজেলা থেকে ১১ জন, মান্দা উপজেলা ৪ জন, মহাদেবপুর উপজেলা ১ জন, নিয়ামতপুর উপজেলা ৪ জন, পত্নীতলা উপজেলা ৩ জন, পোরশা উপজেলা ২ জন, রানীনগর উপজেলা ১ জন এবং সাপাহার উপজেলা থেকে ৩ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এদিকে ধামইরহাট উপজেলার মধ্যে শীর্ষ স্থান অধিকার করেছে গাংরা ইসলামিয়া বালিকা মাদ্রাসা। প্রতিষ্ঠানটি থেকে ৩টি ট্যালেন্টপুল ও ৫টি সাধারণ গ্রেডসহ মোট ৮টি বৃত্তি অর্জিত হয়েছে। এর মাধ্যমে মাদ্রাসাটি উপজেলায় প্রথম এবং জেলায় দ্বিতীয় স্থান লাভ করেছে। জেলার শীর্ষস্থানে ধামইরহাটকে এগিয়ে নিতে এ প্রতিষ্ঠানের বিশেষ ভূমিকা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। উমর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এ মাদ্রাসাটি প্রতি বছর দাখিল পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল করে আসছে। গত পাঁচ বছরে শতভাগ পাসের পাশাপাশি মাদ্রাসা বোর্ডের সেরা দশে স্থান করে নেওয়ার নজির রয়েছে প্রতিষ্ঠানটির। ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রশান্ত চক্রবর্তী বলেন, "এই অর্জন ধামইরহাটের জন্য অত্যন্ত গর্বের ও গৌরবের বিষয়। আমাদের শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে শিক্ষক এবং অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা ও ত্যাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শিক্ষার গুণগত মান ধরে রাখতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। আমি আশা করি, এই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হয়ে ধামইরহাটের নাম আরও উজ্জ্বল করবে।"