ঈদের আগেই

শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি ও বেতন পরিশোধ করা হবে: শিল্পমন্ত্রী

এফএনএস (এইচ এম শহিদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:২৮ পিএম
শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি ও বেতন পরিশোধ করা হবে: শিল্পমন্ত্রী

আসন্ন ঈদকে সামনে রেখে শিল্পাঞ্চলে স্বস্তির বার্তা দিল সরকার। শ্রমিকদের বকেয়া মজুরি ও বেতন ঈদের আগেই পরিশোধ নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে এলডিসি-পরবর্তী বাস্তবতায় রপ্তানি বাজার ধরে রাখতে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আগাম কূটনৈতিক তৎপরতার কথাও জানান তিনি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেট সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, দেশের শিল্পখাতে স্থিতিশীলতা বজায় রাখতে শ্রমিকদের পাওনা পরিশোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি জানান, এলডিসি থেকে উত্তরণের পর সম্ভাব্য শুল্কসুবিধা হ্রাসের চ্যালেঞ্জ মোকাবেলায় ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন-এর কাছে চিঠি পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্য-এর সঙ্গেও এফটিএ উদ্যোগ নেওয়া হবে। এদিকে প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুর হক চৌধুরী বলেন, বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন শ্রমবাজার পুনরায় চালুর জন্য সরকার সক্রিয়ভাবে কাজ করছে। আগামী এক মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিশেষ করে স্পেন-গামী কর্মীদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স নির্ধারিত সময়ে পৌঁছানো নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আসন্ন বর্ষা মৌসুম সামনে রেখে নদী ও খাল খনন এবং হাওর রক্ষা বাঁধ নির্মাণের অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, চলমান প্রকল্পে ‘জিরো টলারেন্স’ নীতিতে দুর্নীতিবিরোধী অবস্থান বজায় রাখা হবে। দেশকে দুর্নীতিমুক্ত করা সরকারের অন্যতম বড় অঙ্গীকার বলেও মন্তব্য করেন তিনি। বৈঠক শেষে সংশ্লিষ্ট মন্ত্রীরা সুরমা ও চেঙ্গার নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। পাশাপাশি প্রবাসীকল্যাণমন্ত্রী তার নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধ থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্য ও শ্রমবাজার সম্প্রসারণ-সব মিলিয়ে সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় বহুমুখী প্রস্তুতির বার্তা দিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে