চিলমারীতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত উপজেলাবাসী

এফএনএস (মোঃ সিদ্দিকুল ইসলাম সিদ্দিক; চিলমারী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১ মার্চ, ২০২৬, ১২:০৪ পিএম
চিলমারীতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত উপজেলাবাসী

কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক ও ঔষধের তীব্র সংকটে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে এ উপজেলার জনসাধারণ। চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন মেডিকেল অফিসার ও ৬জন কনসালটেন্ট থাকার কথা থাকলেও মাত্র ১জন মেডিকেল অফিসার ও ১ জন কনসালটেন্ট দিয়ে চিকিৎসা সেবা চলছে। চিকিৎসকের অভাবে অপারেশন থিয়েটার বন্ধ রয়েছে। কর্মচারীদের অনেক পদেও জনবল শুন্য রয়েছে। এ উপজেলার ৩ লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বহি:বিভাগে প্রতিদিন প্রায় ৩শ রোগী সেবা নিতে আসেন এবং আন্ত:বিভাগে ৬০-৭০জন বিভিন্ন রোগে আক্রান্ত রোগী ভর্তি থাকেন। ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসক, ঔষধ ও জনবল সংকটে চিকিৎসা সেবার মুখ থুবরে পড়েছে। উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে সর্দি, কাশি, জ্বর, ডায়েরীয়া, নিউমোনিয়াসহ নানান রোগে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে এসে না পেয়ে ফিরে যাচ্ছে। রাজারভিটা এলাকা থেকে চিকিৎসা নিতে আসা আব্দুল কাদের বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন পরীক্ষার সুযোগ থাকলেও ডাক্তার না থাকায় রোগীদের ছুটতে হয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে। এতে করে সাধারণ মানুষের অর্থদন্ড ও হয়রাণীর শিকার হতে হচ্ছে। গাবেরতল এলাকার রোগীর সঙ্গে আসা মো. আকারামুল হক বলেন, গতকাল শনিবার সকালে রোগী ভর্তি করেছি কিন্তু ডাক্তারের দেখা পাচ্ছি না। শূনেছি ডাক্তার আছেন মাত্র দু-জন। নয়ারহাট ইউনিয়নের ফেইচকা থেকে আসা খাদিজা জানান, এখানে কোন নারী ডাক্তার না থাকায় মহিলাদের সকল সমস্যা পুরুষ ডাক্তারের কাছে বলা সম্ভব হয় না বাধ্য হয়ে জেলা সদর কুড়িগ্রামে মহিলা ডাক্তারের সেবা নিতে যেতে হয়। ফলে, সময় ও অর্থ ব্যয বেড়ে যাওয়া সহ বয়ষ্ক মহিলা রোগীদের নিয়ে যাওয়া সম্ভব হয় না। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ঔষধ ও ডাক্তারের সংকট হওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।