অতিরিক্ত দামে লেবু বিক্রি, মেয়াদোত্তীর্ণ বীজ বাজারজাত, নিষিদ্ধ হাইড্রোজ বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শ্রীমঙ্গলে ৬টি প্রতিষ্ঠানকে মোট ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার শ্রীমঙ্গল শহরের বিভিন্ন বাজার ও কৃষি উপকরণ বিক্রয়কেন্দ্রে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়। অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মো. আল আমিন। এ সময় সহযোগিতায় ছিল র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টিম। উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহাদত হোসেন বাবুল। অভিযানে দেখা যায়, কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে লেবু অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে এবং কোনো মূল্যতালিকা প্রদর্শন করা হয়নি। এছাড়া কিছু কৃষি উপকরণ বিক্রয়কেন্দ্রে মেয়াদোত্তীর্ণ বীজ ও নিষিদ্ধ হাইড্রোজ বিক্রির প্রমাণ পাওয়া যায়। সহকারী পরিচালক মো. আল আমিন জানান, অতিরিক্ত দামে লেবু বিক্রির দায়ে ৩টি প্রতিষ্ঠান, মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠান এবং নিষিদ্ধ হাইড্রোজ বিক্রির দায়ে ১টি প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে আদায় করা হয় ৪৬ হাজার টাকা। তিনি আরও বলেন, “জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”