দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সাম্প্রতিক সময়ে মোটরসাইকেল চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝে। এমনকি সাংবাদিকদের মোটরসাইকেলও চুরি যাওয়ার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে ঘোড়াঘাট পৌর সদরের পূর্বপাড়া গ্রামের মরহুম মুকুল সোনারের বড় ছেলে ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরজিল বাপ্পির নিজ বাড়ি থেকে তার ব্যবহৃত একটি আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এর আগে একই পৌর এলাকার লালবাগ গ্রামের মরহুম সিরাজ উদ্দিনের ছেলে ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বর্তমান সাংগঠনিক সম্পাদক মো. সামসুল ইসলাম সামুর একটি সিটিবাজ মোটরসাইকেল আজাদ মোড় এলাকা থেকে চুরি হয়। এছাড়া আজাদ মোড়, বাইরের হাট ও কুড়ুম মার্কেট সংলগ্ন এলাকা থেকেও একাধিক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা জানান, চোরেরা বিশেষ করে বিয়ে বাড়ি, মুরাদ জানাজা, ব্যাংক, হাসপাতাল ও হাট-বাজারের ব্যস্ত এলাকাগুলোকে টার্গেট করছে। স্থানীয়দের দাবি, চক্রটি সংগঠিত এবং বাইরের উপজেলা-গাইবান্ধার সাদুল্ল্যাপুর, মাদারগঞ্জ ও পীরগঞ্জ-এলাকা থেকে এসে এসব চুরি সংঘটিত করছে। এ ঘটনায় সাংবাদিক আনজিল বাপ্পি গত ২৮-০২-২০২৬ তারিখে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘনঘন মোটরসাইকেল চুরির ঘটনায় এলাকায় উদ্বেগ বেড়েছে। চোরচক্রকে দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বসহকারে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।