মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, নর্থ বেঙ্গল সুগার মিলকে একটি আধুনিক, উৎপাদনমুখী ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করা হবে। মিলটিকে একটি কার্যকর ও স্বচ্ছ ব্যবস্থাপনার আওতায় এনে সব ধরনের অনিয়ম দূর করা হবে। একই সঙ্গে আখ চাষী, শ্রমিক ও কর্মকর্তাদের মধ্যে সমন্বয় জোরদার করে উৎপাদন ক্ষমতা আরও বৃদ্ধি করা হবে। রবিবার (১ মার্চ ২০২৬) নর্থ বেঙ্গল সুগার মিলস চত্বরে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশে প্রতিবছর মোট উৎপাদিত চিনির প্রায় ২৩ শতাংশ নর্থ বেঙ্গল সুগার মিল থেকে উৎপাদিত হয়। ফলে দেশের চিনির চাহিদা পূরণ এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে এ শিল্পপ্রতিষ্ঠান। এ ধারাবাহিকতা বজায় রাখতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, অবসরপ্রাপ্ত অনেক কর্মচারী এখনও তাঁদের প্রাপ্য পেনশন পাননি, যা অত্যন্ত দুঃখজনক। অনতিবিলম্বে এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ, সুগার মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু। অনুষ্ঠানের শুরুতে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠান ও দেশের উন্নয়নে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এর আগে প্রতিমন্ত্রী নর্থ বেঙ্গল সুগার মিল প্রাঙ্গণে শহীদ সাগরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি শহীদ সাগর চত্বরে একটি বৃক্ষরোপণ করেন এবং শহীদ জাদুঘর পরিদর্শন করে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, হামিদুর রহমান বাবু, গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু,বিএনপি নেতা সাইদুজ্জামান লিটন সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।