কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট বাজি ও মদ জব্দ করেছে। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১ মার্চ রোববার ভোরে ব্যাটালিয়নের অধীনস্থ কাজীপুর বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার কাজীপুর বর্ডারপাড়া মাঠে অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৪ হাজার ৫৬০ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বাজির আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৬৪ হাজার টাকা। এর আগে বিলগাথুয়া বিওপির টহল দল পূর্ব বিলগাথুয়া মাঠে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। জব্দকৃত মদের আনুমানিক সিজার মূল্য ৪৫ হাজার টাকা। বিজিবি জানায় উদ্ধারকৃত চকলেট বাজি বিধি মোতাবেক কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া জব্দকৃত মদ ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে সংরক্ষণ করা হয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক, বিস্ফোরক দ্রব্য ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্তবর্তী জনগণকে সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।