গত (০৫ জানুয়ারি) দুপুরে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কালিন্দি ইউনিয়নের গদাবাগ নিউ টাউন সিটি এলাকায় একটি এয়ার ফ্রেশনার ও কেমিক্যাল কারখানায় উৎপাদন কার্যক্রম চলাকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং পরবর্তীতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার ভেতরে কর্মরত সাব্বির রহমান (২২) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা রুজু করা হয় (মামলা নং- ০৯, তারিখ- ০৬/০১/২০২৬ খ্রি., ধারা- ৩০৪/৩৪ পেনাল কোড, ১৮৬০)। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই ধারাবাহিকতায় অদ্য রোববার (০১ মার্চ) খ্রি. দুপুরে র্যাব-১০-এর একটি আভিযানিক দল, আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চড়াইল এলাকা হতে এজাহারভুক্ত আসামি মোঃ রবিউল (৩৫), পিতা- মোঃ আহমেদ আলী, সাং- কনকোলা, থানা- সুজানগর, জেলা- পাবনা’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।