সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১ মার্চ) দিবাগত রাত একটার দিকে উপজেলার নগরঘাটা ইউনিয়নের রাইচমিল মোড় এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। দলীয় সূত্র ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গভীর রাতে কার্যালয় থেকে আগুনের শিখা বের হতে দেখে স্থানীয় লোকজন ছুটে আসেন। তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে পাটকেলঘাটা থানা-পুলিশের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করে। নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মহব্বত আলী সরদার অভিযোগ করেন, "দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে কার্যালয়ে আগুন দিয়েছে। এতে দলীয় কার্যালয়ে থাকা প্লাস্টিকের চেয়ার ও গুরুত্বপূর্ণ বেশ কিছু কাগজপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে।" তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এ বিষয়ে জানতে চাইলে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফুল কবির বলেন, "ঘটনাস্থল থেকে কয়েকটি পোড়া চেয়ার ও একটি খালি পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" বর্তমানে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।