শ্যামনগরে প্রেসক্লাবে ঢ়ুকে সাংবাদিককে মারধর, এমপি’র পরিদর্শন

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ২ মার্চ, ২০২৬, ০৭:৫০ পিএম
শ্যামনগরে প্রেসক্লাবে ঢ়ুকে সাংবাদিককে মারধর, এমপি’র পরিদর্শন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে ঢ়ুকে সভাপতি সামিউল মনিরকে মারধর করার অভিযোগ উঠেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (২ মার্চ) দুপুরে প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক মানববন্ধনের সময় এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক সামিউল মনিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১২টার দিকে ‘শ্যামনগরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে একটি মিছিল প্রেসক্লাব চত্বরে আসে। মানববন্ধন চলাকালে হঠাৎ একদল লোক প্রেসক্লাব মিলনায়তনে ঢ়ুকে পড়ে এবং সভাপতি সামিউল মনিরের ওপর হামলা চালায়। তাকে রক্ষায় অন্য সাংবাদিকরা এগিয়ে এলে তাদেরও লাঞ্ছিত করা হয়। সংশ্লিষ্টরা জানান, গত ২৩ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে ‘খোলপেটুয়া-কপোতাক্ষ নদের বালু লুট’ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর থেকেই সামিউল মনিরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। গুরুতর আহত অবস্থায় সামিউল মনিরকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির জানান, "আহত সাংবাদিকের মাথার বাঁ পাশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কারণে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।" ঘটনার পর দুপুরে উপজেলা প্রেসক্লাবে যান সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি আহত সভাপতির শারীরিক অবস্থার খোঁজ নেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এমপি বলেন, "সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।" হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান। তিনি বলেন, "খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" এদিকে প্রেসক্লাবে ঢ়ুকে হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা এই ঘটনাকে ‘গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত’ হিসেবে বর্ণনা করেছেন। ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে সাতক্ষীরা প্রেসক্লাব। তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে