রংপুরের পীরগাছায় সরকারি রাস্তা দখলকে কেন্দ্র করে কল্যাণী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নয়া নদীর পাড় নামক এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহুর্তের ভাইরাল হয়ে পড়ে। আজ সোমবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নয়ানদীর পাড়ের একটি সরকারি রাস্তা দখল ও সেখানে স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। আজ সোমবার দুপুরে এক পক্ষ সেখানে নির্মাণকাজ শুরু করলে অপর পক্ষ বাধা দেয়। শুরুতে কথা কাটাকাটি হলেও একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ লাঠিসোটা, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে মুহূর্তের মধ্যে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষ চলাকালে কল্যাণী এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতংকিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। বন্ধ হয়ে যায় ওই এলাকার দোকানপাট। হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে কয়েক জনের মাথা, হাত ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে কয়েক জনকে ছাড়পত্র দেওয়া হলেও গুরুতর আহতরা এখনও চিকিৎসাধীন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রংপুর মেট্রোপলিটন পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক দফা লাঠিচার্জ করে এবং সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইদুল ইসলাম বলেন, সরকারি রাস্তা দখলকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।