সিটি কর্পোরেশনগুলোতে নির্বাচন দিতে দেরি হবে না। তবে কোনো কারণে বিলম্ব হলে ওয়ার্ড পর্যায়ে সেবা নিশ্চিত করতে কী করণীয় হবে, সে বিষয়ে জাতীয় পর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মীর শাহে আলম।
মঙ্গলবার (০৩ মার্চ) সকালে সিলেট সিটি কর্পোরেশন নগর ভবনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
দলীয় প্রশাসক নিয়োগের বিষয়ে তিনি বলেন, দলীয় প্রশাসক থাকলে তারা জনবান্ধব হবেন এবং মানুষের সুবিধা-অসুবিধার বিষয়টি গুরুত্ব দেবেন। একজন দলীয় প্রশাসক হিসেবে শহরের সঙ্গে তার আত্মিক সম্পর্ক থাকে। সেখানে তার জন্ম, বেড়ে ওঠা এবং ভবিষ্যতে নির্বাচিত হওয়ার দায়বদ্ধতা রয়েছে। যদিও একজন আমলা বা প্রজাতন্ত্রের কর্মচারীরও দায়িত্ব থাকে, তবে জনগণের ভোট নিয়ে প্রতিনিধি হওয়ার দায়বদ্ধতা তাদের থাকে না।
মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বলেন, সরকার মানুষের সুবিধার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তাই প্রকল্পগুলো অবশ্যই জনবান্ধব হতে হবে। নাগরিকদের উপকারে আসে। এমন প্রকল্প অগ্রাধিকার দিয়ে দ্রুত অনুমোদন দেওয়া হবে।
সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় প্রতিমন্ত্রী বলেন, আব্দুল কাইয়ুম চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন যেমন রয়েছে, তেমনি রাষ্ট্রীয় বিভিন্ন কাজে তাঁর অভিজ্ঞতাও সমৃদ্ধ। তিনি সিলেটের উন্নয়নের রূপকার, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান-এর সঙ্গেও কাজ করেছেন। তাঁর নেতৃত্বে সিলেট একটি আধুনিক নগরে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এতে নাগরিকরা সর্বোচ্চ সেবা পাবেন।
প্রতিমন্ত্রী ছড়া ও খাল খনন করে দুই পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ, সিসিকের অধীনে সিটি ওয়াসা স্থাপনসহ বিভিন্ন প্রকল্প প্রণয়নের পরামর্শ দেন। পাশাপাশি সড়ক সংস্কারে পরিবেশবান্ধব পদ্ধতি ব্যবহারের নির্দেশ দেন।
সভাপতির বক্তব্যে প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মানুষ বুকভরা আশা নিয়ে আমাদের ভূমিধস বিজয় উপহার দিয়েছে। তাদের প্রত্যাশা ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। তিনি সিলেটকে দেশের অন্যতম দৃষ্টিনন্দন ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।
সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার চলমান ও বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। এছাড়া উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
পরে প্রতিমন্ত্রী সিলেট সার্কিট হাউসে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর তিনি হযরত শাহজালাল দরগাহ জিয়ারত করেন। এছাড়া তিনি রিকাবীবাজারে অবস্থিত এম সাইফুর রহমান অডিটোরিয়াম, ধোপাদিঘিরপাড় ওয়াকওয়ে এবং জেল কলোনি পরিদর্শন করেন।