সিলেটে নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন ড. চৌধুরী মো: যাবের সাদেক। বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই আদেশে কাজী আখতার উল আলম-কে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি এতদিন সিলেট জেলা-র পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে নবনিযুক্ত পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেককে জামালপুর জেলা থেকে সিলেটে বদলি করা হয়েছে। এর আগে তিনি জামালপুর জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন পুলিশ সুপার যোগদান করায় সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ বিভাগের সদস্যরা। সংশ্লিষ্টরা মনে করছেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্বে জেলায় অপরাধ দমন, জননিরাপত্তা ও সেবার মান আরও উন্নত হবে।