জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, পল্লী উন্নয়ন, সমাজসেবা, জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণ এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবার এই সম্মাননা দেওয়া হচ্ছে। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ ফৌজদারহাট ক্যাডেট কলেজ এবং মেজর মোহাম্মদ আবদুল জলিলকেও মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য অধ্যাপক ড. জহুরুল করিম এবং চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সম্মাননা পাচ্ছে।
সাহিত্যে ড. আশরাফ সিদ্দিকী, সংস্কৃতিতে এ কে এম হানিফ, যিনি হানিফ সংকেত নামে পরিচিত, এবং বশির আহমেদ মরণোত্তরভাবে এই সম্মাননা পাচ্ছেন। ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য জোবেরা রহমান লিনু এবং পল্লী উন্নয়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।
সমাজসেবা ও জনসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী, এস ও এস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, মো. সাইদুল হক, গণস্বাস্থ্য কেন্দ্র এবং মাহেরীন চৌধুরী মরণোত্তরভাবে সম্মাননা পাচ্ছেন। জনপ্রশাসনে অবদানের জন্য কাজী ফজলুর রহমানকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে।
গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে অবদানের জন্য মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক ড. এম এ রহিম এবং অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া সম্মাননা পাচ্ছেন। পরিবেশ সংরক্ষণে অবদানের জন্য আবদুল মুকিত মজুমদার, যিনি মুকিত মজুমদার বাবু নামে পরিচিত, স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রীয় অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবছর এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, একটি রেপ্লিকা, ৩ লাখ টাকা এবং একটি সম্মাননাপত্র দেওয়া হয়।