পবিত্র মাহে রমজান উপলক্ষে জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে বুধবার (০৪ মার্চ) সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকা চকবাজার থানাধীন কামালবাগ এলাকায় ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। র্যাব-১০ এর সিপিএসসি কোম্পানির সার্বিক সহায়তায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ জুবায়ের এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর পরিদর্শক আলী আকবর সোহেল’দ্বয়ের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চলাকালে বিভিন্ন খাদ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে অনুমতিবিহীনভাবে খাদ্য উৎপাদন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, ভেজাল উপাদান ব্যবহার, মেয়াদোত্তীর্ণ কাঁচামাল সংরক্ষণ এবং পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখ না করার মতো বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। এ সকল অপরাধের প্রেক্ষিতে মোট ০৭ (সাত)টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধি-বিধানের আওতায় যথাক্রমে ২৫,০০০/- (পঁচিশ হাজার), ৬০,০০০/- (ষাট হাজার), ১,০০,০০০/- (এক লক্ষ), ৫০,০০০/- (পঞ্চাশ হাজার), ৫০,০০০/- (পঞ্চাশ হাজার), ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) এবং ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সর্বমোট জরিমানার পরিমাণ ৪,৩৫,০০০/- (চার লক্ষ পঁয়ত্রিশ হাজার) টাকা। এছাড়াও গুরুতর অনিয়মের দায়ে ০১ (এক) জন ব্যক্তিকে ০৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে জনসাধারণকে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় এবং ব্যবসায়ীদের সরকার নির্ধারিত আইন ও বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের জন্য সতর্ক করা হয়।